ব্রাহ্মণপাড়ায় তীব্র গরমে স্কুলে অসুস্থ চতুর্থ শ্রেণির ছাত্রী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল ) বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ হয়ে পড়া ওই শিক্ষার্থীর নাম সাবাহ ( ১১ )। সে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একই ইউনিয়নের কল্পবাস এলাকার বাসিন্দা সোহেল মিয়ার মেয়ে।
বিদ্যালয়ের সূত্রে জানা যায়, সকালে নিয়মিত ক্লাস চলাকালে সাবাহ হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। বিষয়টি লক্ষ্য করলে ক্লাস শিক্ষক তাকে কিছু সময় শ্রেণিকক্ষে বিশ্রাম নিতে বলেন। পরে সে বেঞ্চে মাথা রেখে ঘুমাচ্ছিল। কিছু সময় পর আরেক শিক্ষার্থী তাকে ডেকে তুললে সাবাহ টিউবওয়েলে গিয়ে চোখ-মুখ ধোয়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে।
ধান্যদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসমিয়া সুলতানা বলেন, শিশু শিক্ষার্থী সাবাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে চিকিৎসা দেওয়ার পর সে এখন অনেকটাই সুস্থ রয়েছে। আমরা তাকে তার মায়ের সাথে বাড়িতে পাঠিয়ে দিয়েছি।
শিক্ষার্থীর মা তানিয়া বেগম জানান, গত কয়েকদিন ধরে এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে সাবাহ রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি। এর ফলে প্রচণ্ড গরমের মধ্যে স্কুলে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তিনি দ্রুত হাসপাতালে ছুটে যান। বর্তমানে তার মেয়ে আগের তুলনায় ভালো আছে বলে জানান তিনি।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস বলেন, পরিবারের দেওয়া তথ্যমতে, কয়েক দিন ধরে পর্যাপ্ত ঘুম না হওয়ায় শিশুটি দুর্বল হয়ে পড়েছিল। বিদ্যালয়ে গিয়ে তীব্র গরমের কারণে সে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এখন বর্তমানে সে শঙ্কামুক্ত। আমরা তাকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়েছি।
তিনি বলেন, এখন তাপদাহ চলছে। এ ধরনের পরিস্থিতিতে শিশুদের পর্যাপ্ত পানি পান, পর্যাপ্ত বিশ্রাম এবং অতিরিক্ত গরমে সতর্ক থাকা জরুরি।

  • ব্রাহ্মণপাড়া