ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় দুই যুবক গ্রেপ্তার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের এম ই চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

বুধবার (৮ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ জুলাই দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরেরা বিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অফিস কক্ষের তালা ভেঙে একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যান এবং একটি রাউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হক ভূঞা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহতাব হোসাইন তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের মো. ইউসুফ মিয়া (২৪), তিনি মো. আবদুল হকের ছেলে এবং একই গ্রামের মো. বাবন (২৪), তিনি মো. মোবারক হোসেনের ছেলে।

ব্রাহ্মণপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া চুরির ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া