কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি এবং জনশান্তি বিনষ্টের অভিযোগে মো. হেলাল (৫৬) নামের এক ব্যক্তিকে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জুন) দুপুর উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী মানরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দন্ডপ্রাপ্ত হেলাল মানরা গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হেলাল মাদক সেবন করে এলাকায় মাতলামি, পারিবারিক অশান্তি ও স্থানীয়দের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী মানরা গ্রামে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। অভিযানে আটক হেলাল ভ্রাম্যমাণ আদালতে তার মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। এ সময় হেলালকে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড ও একশো টাকা অর্থদন্ড দেওয়া হয়। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।