কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সাতটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত অর্থকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শিদলাই দক্ষিণ বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, একটি টেইলারিং দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টা করেন। পরে পার্শ্ববর্তী উপজেলা বুড়িচং থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে পুড়ে সাতটি দোকান ছাই হয়ে যায়। এতে ওই বাজারের দুলাল মিয়ার ওয়ার্কশপ, আল আমিনের টেইলারিং দোকান, লিটন মিয়ার টেইলারিং দোকান, শিমুল মিয়ার ফার্নিচার দোকান, আবু তাহেরের ক্রোকারিজ দোকান, সোহেল মাসুদের ক্রোকারিজ দোকান এবং সারওয়ার মিয়ার ভ্যারাইটিস স্টোর সম্পূর্ণভাবে পুড়ে যায়। দোকানগুলোর ভেতরে থাকা আসবাব, কাপড়, ক্রোকারিজ, ফার্নিচার ও নগদ টাকাসহ সব মালামাল আগুনে নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহেল মাসুদ বলেন, রাতের বেলা হঠাৎ আগুন লাগার খবর পাই। এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। এই ক্ষতি পুষিয়ে ওঠা খুব কঠিন হবে। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, শিদলাই বাজারের অগ্নিকান্ডের ঘটনাটি আমি শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।