সম্প্রতি গঠিত কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্রাহ্মণপাড়ায় সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা সদরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সম্প্রতি গঠিত কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী কমিটির নানা অনিয়ম তুলে ধরে ব্রাহ্মণপাড়ার বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক শাকিল আহমেদ বলেন, এ কমিটিতে অনেককেই অন্তর্ভুক্ত করা হয়েছে যারা জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিলো না। যারা আন্দোলনের সময় নিজের জীবন বাজি রেখেছিল, তাদের কাউকে এ কমিটিতে রাখা হয় নাই। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সম্মুখ সারিতে ছিলাম, তাদের মধ্যে অনেকই অবমূল্যায়ন করা হয়েছে। তিনি বলেন, আমারা যাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে আমাদের কাছ থেকে কোন মতামত না নিয়ে ও না জানিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।
অন্যান্য বক্তারা বলেন, নবগঠিত এ কমিটির অনেক সদস্যই এই কমিটিকে এখন অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা এই কমিটি মানি না।
এসময় সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্রাহ্মণপাড়া নেতৃবৃন্দের মধ্যে মো. আরিফুল ইসলাম, সোহাগ রানা, সাফায়েত, বাবু, অপু, আরাফাত, সাকিবুল হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।