“ব্যাহত হচ্ছে শিক্ষার মান” বুড়িচং উপজেলায় ৫৩টি এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় ৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

প্রাথমিক শিক্ষার ভিত্তি যে সরকারি বিদ্যালয়গুলোতে গড়ে ওঠে, সেই বিদ্যালয়গুলোই আজ চরম শিক্ষক সংকটে ভুগছে। কুমিল্লার দুটি উপজেলা— বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় মোট ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে শিক্ষাদান প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৩টিতে এবং ব্রাহ্মণপাড়ার ১০৮টি সরকারি বিদ্যালয়ের মধ্যে ৫৬টিতে প্রধান শিক্ষক নেই। শুধু তাই নয়, বুড়িচংয়ে ৩২টি এবং ব্রাহ্মণপাড়ায় ২১টি বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদও শূন্য রয়েছে। এছাড়া, বুড়িচংয়ের কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ সংক্রান্ত মামলা চলমান রয়েছে। এসব বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে-বাজেবাহেরচর, বাহিড়ীপাড়া, হাসনাবাদ, পাইকোঠা, রাজাপুর পূর্বপাড়া লালমিয়া, নামতলা ও পরিহলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে নতুন পদ সৃষ্টি হলেও এখনো নিয়োগ না হওয়ায় শূন্য রয়েছে-ইছাপুরা-২, উত্তর পশ্চিম গোবিন্দপুর, বাকশীমুল উত্তরপাড়া, উত্তর জরুইন ও বুড়িচং হাজী ফজর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার মান নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মো. কামরুল হাসান বলেন, প্রধান শিক্ষক না থাকলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বিঘিœত হয়। একজন প্রধান শিক্ষক শুধু ক্লাসই নেন না, তিনি সহকারী শিক্ষকদের তদারকির পাশাপাশি দাপ্তরিক কাজও পরিচালনা করেন। সহকারী শিক্ষক দিয়ে ওই দায়িত্ব পালন করালে উভয় ক্ষেত্রেই সমস্যা হয়। সমাধানে আশ্বাস দিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীন বলেন, শূন্য পদের বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আশা করছি অল্প সময়ের মধ্যে এ সংকট নিরসন হবে। বুড়িচং উপজেলার শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার বলেন, চাহিদাপত্র পাঠানো হয়েছে। নতুন নিয়োগ হলে সংকট কেটে যাবে। তবে লেখাপড়ার মান বজায় রাখতে আমরা সর্বোচ্চ সচেষ্ট। শিক্ষাবিদরা মনে করছেন, একটি শিশুর শিক্ষাজীবনের সূচনা হয় প্রাথমিক বিদ্যালয় থেকেই। তাই এই স্তরে শিক্ষক সংকট নিরসন জরুরি, নইলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার ভিত্তিই দুর্বল হয়ে পড়বে।

  • ব্রাহ্মণপাড়া