বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় একটি আধুনিক শিশু পার্ক সময়ের দাবি

লেখক: মোঃ ঈমাম হোসেন
প্রকাশ: ৪ ঘন্টা আগে

Spread the love

বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বিশাল জনপদে শিশুদের বিনোদনের জন্য নেই কোনো আধুনিক মানের শিশু পার্ক। কর্মব্যস্ত জীবন আর প্রযুক্তির ভিড়ে শিশুদের শৈশব যখন চার দেয়ালের মাঝে বন্দি হয়ে পড়ছে, তখন এই অঞ্চলে একটি মানসম্মত বিনোদন কেন্দ্র বা শিশু পার্ক স্থাপন এখন গণদাবিতে পরিণত হয়েছে। এলাকাবাসী ও সুশীল সমাজের পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন মহোদয়ের সুদৃষ্টি কামনা করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার কয়েক লাখ মানুষের জন্য পর্যাপ্ত খোলা মাঠ বা পার্কের ব্যবস্থা নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছোটখাটো খেলার মাঠ থাকলেও সেখানে সব সময় শিশুদের প্রবেশাধিকার থাকে না। বিশেষ করে ছুটির দিনগুলোতে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে একটু নির্মল বাতাসের খোঁজে বের হলেও আশেপাশে কোনো গন্তব্য খুঁজে পান না। অনেক ক্ষেত্রে শিশুদের নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কুমিল্লা ময়নামতি এলাকায় কিংবা জেলা শহরের কোন পিকনিক স্পটে যেতে হয়, যা সাধারণ ও নিম্নবিত্ত পরিবারের জন্য ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। অভিভাবকরা জানান, “বর্তমানে শিশুরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মাঠে দৌড়ঝাঁপ করা প্রয়োজন। কিন্তু আমাদের এই দুই উপজেলায় নিরাপদ কোনো পার্ক নেই যেখানে শিশুদের নিয়ে একটু সময় কাটানো যায়। এলাকার সচেতন মহলের মতে, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং বর্তমানে অনেকটা ডিজিটাল ও আধুনিক শহর হিসেবে গড়ে উঠছে। রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন হলেও শিশুদের বিনোদনের বিষয়টি অবহেলিত রয়ে গেছে। একটি আধুনিক পার্ক শুধু শিশুদের বিনোদনই দেবে না, বরং এটি এলাকার সৌন্দর্য এবং সামাজিক পরিবেশকেও সমৃদ্ধ করবে। এলাকার সাধারণ মানুষ ও অভিভাবক মহলের প্রত্যাশা কুমিল্লা-৫ আসনের রূপকার ও জননেতা হাজী জসিম উদ্দিন এমপি শিশুদের সুস্থ বিনোদনের কথা বিবেচনা করে বুড়িচং বা ব্রাহ্মণপাড়ার সুবিধাজনক কোনো স্থানে একটি আধুনিক শিশু পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন। যেখানে থাকবে রাইড, বসার স্থান এবং প্রাকৃতিক পরিবেশ। নতুন প্রজন্মের সঠিক বিকাশের স্বার্থে এই দাবিটি দ্রæত বাস্তবায়নের জন্য মাননীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

  • বুড়িচং-ব্রাহ্মণপাড়া