গোল্ডকাপ ফুটবলে জেলা চ্যাম্পিয়ন ব্রাহ্মণপাড়ার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জেলা পর্যায়ের ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে কুমিল্লা হাউজিং এস্টেট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুমিল্লা দক্ষিণ উপজেলার প্রতিনিধিত্বকারী দলকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় ব্রাহ্মণপাড়ার ক্ষুদে ফুটবলাররা।
এর আগে বুধবার (১৩ মে) বিকেলে অনুষ্ঠিত সেমিফাইনালে বরুড়া উপজেলা দলকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া উপজেলা দল। একই দিন দুপুরে কোয়ার্টার ফাইনালে দেবিদ্বার উপজেলা দলকে টাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা।
মঙ্গলবার (১২ মে) প্রথম রাউন্ডের খেলায় মুরাদনগর উপজেলা দলকে ৫-০ গোলে পরাজিত করে জেলা পর্যায়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দেয় দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল।
জেলা পর্যায়ে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিনিধিত্ব করে এ গৌরবময় সাফল্য অর্জন করায় বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ সময় খেলোয়াড়দের আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
নিজ এলাকার শিক্ষার্থীদের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করে ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার বলেন, দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা পুরো জেলার মধ্যে ব্রাহ্মণপাড়ার সুনাম উজ্জ্বল করেছে। তাদের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া বলেন, এ বিজয় শুধু একটি বিদ্যালয়ের নয়, পুরো ব্রাহ্মণপাড়া উপজেলার গর্ব। ক্ষুদে খেলোয়াড়দের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের এ অর্জন অত্যন্ত গৌরবের। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও তারা যে অসাধারণ দক্ষতা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে তাদের আরও এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
খেলার মাঠে ব্রাহ্মণপাড়া উপজেলা দলের সঙ্গে উপস্থিত ছিলেন দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দলীয় ম্যানেজার সৈয়দ মোশারফ হোসেন, সহকারী প্রধান শিক্ষক ও কোচ মোশারফ হোসেন, দলের সার্বিক তত্ত্বাবধানে থাকা গাজী সোহাগ ও আবুল হাশেম ভূইয়াসহ অনেকে।

  • ব্রাহ্মণপাড়া