‘‘অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট’’ ব্রাহ্মণপাড়ায় কৃষিজমি নষ্ট করে মাটি উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

লেখক: মোঃ আনোয়ার হোসেন
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে কৃষিজমি নষ্ট করে মাটি উত্তোলনের অভিযোগে মো. জহির (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই অবৈধ ড্রেজার মেশিন ও এর পাইপসহ বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা। এতে থানা পুলিশের একটি দল ও স্থানীয় গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। দন্ডপ্রাপ্ত মো. জহির ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের বাসিন্দা ফুল মিয়ার ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা বলেন, কৃষিজমি নষ্ট করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘন ও ১৫(১) ধারায় শাস্তি হিসেবে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই ড্রেজারের পাইপ ও মেশিন বিনষ্ট করা হয়েছে। কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ অভিযান অব্যাহত আছে।

  • ব্রাহ্মণপাড়া