ব্রাহ্মণপাড়ায় মৎস্য খামারের পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মৎস্য খামারের পানিতে ডুবে শাহনাজ বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহনাজ বেগম ওই গ্রামের মো. হাশেম মিয়ার স্ত্রী। তিনি তিন ছেলে ও দুই কন্যা সন্তানের জননী ছিলেন।
নিহতের ছেলে রেজাউল বলেন, মা সন্ধ্যায় বাড়ি থেকে একটু দূরে একটি মৎস্য খামারের পাড়ে গরুর গোবর শুকিয়ে বানানো জ্বালানি আনতে গিয়েছিলেন। অনেকক্ষণ পরও ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করি। পরে স্থানীয় এক ব্যক্তি খামারের পানিতে মায়ের ওড়না ভাসতে দেখে চিৎকার দেন। পরে স্বজনদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তোফায়েল আহমেদ ভূইয়া বলেন, মৎস্য খামারের পানিতে ডুবে যাওয়া গৃহবধূকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানানো হয় নাই। আপনাদের কাছ থেকে শুনেছি।

  • ব্রাহ্মণপাড়া