কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিস্তির টাকা পরিশোধের চাপ ও মানসিক দুশ্চিন্তায় লুৎফা বেগম (৫০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।
সোমবার (২২ জুন) উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি (মধ্যের বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লুৎফা বেগম ওই এলাকার মো. আলাউদ্দিন জজুর স্ত্রী। তাদের দুই ছেলে রয়েছে। এর মধ্যে বড় ছেলে সৌদি আরব প্রবাসী এবং ছোট ছেলে স্থানীয় একটি কলেজে অধ্যয়নরত।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ছোট ছেলে কলেজে চলে যায়। একই সময়ে আলাউদ্দিন জজুও নাশতা শেষে দোকানে যান। তখন লুৎফা বেগম বাড়িতেই ছিলেন। পরে সকাল ১১টার দিকে আলাউদ্দিন বাড়িতে এসে দেখেন ঘরের প্রধান দরজায় তালা লাগানো। আশপাশে খোঁজাখুঁজি করেও স্ত্রীর কোনো সন্ধান পাননি।
দুপুরে ছেলে কলেজ থেকে ফিরে দরজা খুলে ঘরে প্রবেশ করে। পরে দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির পাশে একটি পরিত্যক্ত লাকড়ির ঘরে গিয়ে দেখতে পান, লুৎফা বেগম ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।
স্বজনদের ধারণা, কিস্তির টাকা পরিশোধ সংক্রান্ত দেনা-পাওনা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।