ব্রাহ্মণপাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ২ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম।
সভায় আসন্ন ৪৭তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মেলার সম্ভাব্য তারিখ ও স্থান নির্ধারণ, স্টল বরাদ্দ, কুইজ ও অলিম্পিয়াড আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানের বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিজ্ঞান মেলা শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করার একটি কার্যকর প্ল্যাটফর্ম। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে। তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে বিজ্ঞান মেলা সফল করার আহ্বান জানান।
সভায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল প্রকল্প মেলায় উপস্থাপনের জন্য উৎসাহিত করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে সহায়ক হবে।

  • ব্রাহ্মণপাড়া