গ্রাম আদালতের সুফল তুলে ধরতে ব্রাহ্মণপাড়ার শশীদলে সেবাগ্রহীতার মুখে গ্রাম আদালত

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

‘অল্প সময়ে, স্বল্প খরচে ন্যায়বিচার গ্রাম আদালতে’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে গ্রাম আদালতের সুফল তুলে ধরতে ‘সেবাগ্রহীতার মুখে গ্রাম আদালত’ শীর্ষক অনুষ্ঠান ও সুফলভোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় শশীদল ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর মো. রমজান আলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এ সময় ইউনিয়ন পরিষদের সব সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাম আদালত থেকে সেবা নিয়ে সুফল পাওয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, সেবা গ্রহণের পদ্ধতি এবং এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলী। তিনি বলেন, গ্রাম আদালত স্থানীয় মানুষের কাছে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষ যাতে নিজেদের ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়েই নিষ্পত্তি করতে পারেন, সে বিষয়ে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে গ্রাম আদালত থেকে সেবা নেওয়া কয়েকজন সুফলভোগী নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ থাকায় দূরের আদালতে গিয়ে সময় ও অর্থ ব্যয়ের প্রয়োজন হয় না। এতে সাধারণ মানুষের ভোগান্তিও কমেছে।

গ্রাম আদালতের মাধ্যমে ভুক্তভোগীদের সেবা প্রদানের বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান রিয়াদ বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়াই গ্রাম আদালতের অন্যতম লক্ষ্য। সাধারণ মানুষকে গ্রাম আদালতের সেবা সম্পর্কে আরও সচেতন করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুন্নী ইসলাম বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য সহজে ও স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমাতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সেবা সম্পর্কে জনগণের মধ্যে আরও ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে।

পরে গ্রাম আদালতের মাধ্যমে সুফল পাওয়া ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া