ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর অনুসারীরা স্বাস্থ্য খাতকে জিম্মি করে রেখেছিল -ড্যাব সভাপতি হারুন আল রশিদ

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ হলেও বিগত সরকারের সময়ে সাধারণ মানুষ যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক মো. হারুন আল রশিদ। তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর অনুসারীরা স্বাস্থ্য খাতকে জিম্মি করে রেখেছিল। দূর্নীতি ও সিন্ডিকেটের কারণে ডাক্তাররা স্বাধীনভাবে কাজ করতে পারেননি। ফলে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন।” শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর কলেজ মাঠে নিজ গ্রামে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অধ্যাপক হারুন আল রশিদ আরও বলেন, “আমরা নতুন ভোরের স্বপ্ন দেখছি। অচিরেই বাংলাদেশের মানুষ স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন দেখতে পাবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়ন ঘটবে, ইনশাআল্লাহ।” সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক মাসুদের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ড্যাব কুমিল্লা জেলার সভাপতি ডা. মো. মাসুম হাসান, অধ্যাপক ডা. তৌহিদুর রহমান সুমন, কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেক, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম খোকন, যুগ্ম আহ্বায়ক মো. মহসিন কবির সরকার, মো. নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো আনিসুর রহমান রিপন ভূইয়া চেয়ারম্যান, সদস্য এডভোকেট শাহজাহান, মনিরুল আলম বাবলু প্রমুখ। এ সময় আসাদনগর আ. মতিন খসরু কলেজের অধ্যক্ষসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া