কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ লাখ ২২ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহলদল এসব পণ্য জব্দ করে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি) এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, চন্ডিদার, মঈনপুর, খাদলা ও মাদলা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।

অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বাসমতি চাল, রেড বুল এনার্জি ড্রিংকস, বাজি, গরু, বাংলাদেশি টাইগার এনার্জি ড্রিংকস, জিরা, শাড়ি, সাবান, শ্যাম্পু, সেভেন অয়েল, মদ, বিয়ার, ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেল। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২২ হাজার ১০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া