ব্রাহ্মণপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৫ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রামীণ জনগণের ন্যায়বিচার পাওয়ার সহজ ও কার্যকর মাধ্যম হিসেবে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চান্দলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘গ্রাম আদালতই গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সবচেয়ে সহজ ও কার্যকর মাধ্যম’—এ বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষে অংশ নেয় চারিপাড়া আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় দুই দলের শিক্ষার্থীরা গ্রাম আদালতের কার্যক্রম, গ্রামীণ পর্যায়ে বিরোধ নিষ্পত্তি, সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ ও এর গুরুত্ব নিয়ে যুক্তি-পাল্টা যুক্তি তুলে ধরে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্কে শেষ পর্যন্ত চারিপাড়া আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা বিজয়ী হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। সভাপতিত্ব করেন চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাব উদ্দিন মুরাদ। অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রাম আদালতের সমন্বয়কারী মো. রমজান আলী। বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ছিলেন চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম ভূইয়া, চারিপাড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. সবুজ মিয়া, সহকারী শিক্ষক মো. মোমেন ও মো. এনামুল, ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম ভূইয়া, আলমগীর সরকার, মো. জাবেদ, মো. রকিব উদ্দিন খানসহ শিক্ষক, শিক্ষার্থী ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুন্নী ইসলাম গ্রামীণ জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা তৈরির এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

পরে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী উভয় দলের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

  • ব্রাহ্মণপাড়া