ব্রাহ্মণপাড়ায় নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ চেয়ে মানববন্ধন ও র‍্যালি

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

কুমিল্লা কবি পরিষদের উদ্যোগে নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ চেয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৯ জুলাই ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, ভারতের সীমান্তবর্তী হওয়ায় ব্রাহ্মণপাড়া উপজেলার তরুণ ও যুবসমাজের মধ্যে মাদকের বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে তরুণ ও যুবসমাজ দিন দিন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। মাদকের এই ভয়াবহতার বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদকের ভয়াবহতা রুখতে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
বক্তারা আরও বলেন, আমরা নিরাপদ সড়ক চাই। দক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ির কারণে এবং বিভিন্ন উপজেলা থেকে এ উপজেলায় মাদক সেবন করতে আসা মোটরসাইকেল চালকদের বেপরোয়া গতির কারণে হরহামেশাই সড়কে ঘটছে দুর্ঘটনা। এসব বিষয়ে প্রশাসনের পাশাপাশি আমাদের সকলকে সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে ও নিরাপদ সড়কের দাবিতে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে।
কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আর. মজিবের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা- আজিজ সরকার খোকন, উপদেষ্টা জহিরুল ইসলাম সরকার, পরিচালক মো. নাসির উদ্দীন, পরিচালক সজিব সরকার, পরিচালক আজাদ খান, পরিচালক খাদিজা আক্তার, পরিচালক আনোয়ার হোসেন, সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক সভাপতি ( ছাত্রদল) মো. মহসিন কামাল, শিক্ষক- মো. রাসেল সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় সুশীল সমাজ।

  • ব্রাহ্মণপাড়া