কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষ্যে কুমিল্লা কবি পরিষদের উপজেলা শাখা কমিটির বরণ, ঈদ পুনর্মিলনী ও শাখা অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৩০ মে ) বিকেল ৩টায় স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এতে কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আর. মজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া পেসক্লাবের সভাপতি সৈয়দ আহম্মদ লাভলু। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কবি কাজী খোরশেদ আলম, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ( বিএসএ ) প্রতিষ্ঠাতা সভাপতি ও ৪৪তম বিসিএস ( শিক্ষা ) ক্যাডার আখতারুজ্জামান রনি এবং ব্যাংকার শফিউল ইসলাম।
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা কবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি মুহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক খাজিনা খাজি, পাঠ ও অনলাইন সম্পাদক কবি আফরোজা আফরিন, কার্যকরী সদস্য কবি রোকসানা ইসলাম ইসলাম রোসা, পরিচালক জান্নাতুল ফেরদৌস, ফয়সাল আহমেদ ও আফরিন মুক্তাসহ কেন্দ্রীয় নেতারা।
অনুষ্ঠানের শুরুতে সাংগঠনিক বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি মুহাম্মদ সোলায়মান। পরে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে কুমিল্লা কবি পরিষদের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা কমিটিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন কবি নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কবি আবুল কালাম আজাদ খান।
নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন কবি জহিরুল ইসলাম সরকার, কবি তাসলিমা বেগম, কবি মো. দুলাল ভূঁইয়া ও কবি সৈয়দ মোশাররফ কামাল। কমিটির সভাপতি কবি নাসির উদ্দিন, নির্বাহী সভাপতি জহিরুল ইসলাম খান, প্রধান সমন্বয়ক কবি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক কবি মো. আবুল কালাম আজাদ খান, সাংগঠনিক সম্পাদক কবি মো. রুহুল আমীন, সহ-সাংগঠনিক সম্পাদক কবি মো. কামরুল হক, প্রচার সম্পাদক কবি রুবেল আরব এবং নির্বাহী সদস্য কবি রহিমা আক্তার রেণুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় কুমিল্লা কবি পরিষদের বুড়িচং উপজেলা শাখার আহ্বায়ক কবি কবির খান বিপ্লব এবং দেবীদ্বার উপজেলা শাখার আহ্বায়ক কবি হাসানুজ্জামান মাসুদকেও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সাহিত্য ও সংস্কৃতি সমাজকে আলোকিত করে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুমিল্লা কবি পরিষদের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা স্থানীয় পর্যায়ে সাহিত্যচর্চা, সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডে ইতিবাচক অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে বইমুখী ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কবিতা, সাহিত্য এবং সাংস্কৃতিকচর্চার বিকল্প নেই। কবিদের লেখনী সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হতে পারে। সাহিত্য হতে পারে সমাজ পরিবর্তনের আয়না, অন্ধকারে পথ খুঁজে পাওয়ার আলো। এ প্রত্যয় নিয়েই কবি, লেখক ও সাহিত্যপ্রেমীদের এগিয়ে যেতে হবে।
সভাপতির বক্তব্যে আর. মজিব বলেন, কুমিল্লা কবি পরিষদ জেলার প্রতিটি উপজেলায় সাহিত্যচর্চার পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। একদিন এ সংগঠন কুমিল্লার প্রতিটি ঘরে ঘরে আলোর বার্তা নিয়ে পৌঁছে যাবে। কবিতাই হবে মানবিক সমাজ ও ইতিবাচক পরিবর্তনের অন্যতম হাতিয়ার।
প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহম্মদ লাভলু বলেন, একটি সুস্থ, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্য ও সংস্কৃতির ভূমিকা অপরিসীম। বর্তমান সময়ে তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সাহিত্যচর্চার বিকল্প নেই।
তিনি আরও বলেন, কুমিল্লা কবি পরিষদের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা স্থানীয় সাহিত্যপ্রেমীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। কবিদের লেখনী মানুষের বিবেক জাগ্রত করবে এবং সমাজের অসঙ্গতি দূর করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি ঈদ পুনর্মিলনী, কবিতা পাঠ ও সৌহার্দ্যপূর্ণ মত-বিনিময়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।