চাকরির জন্য নেতার পেছনে যেনো দৌরাতে না হয়: হাসনাত আব্দুল্লাহ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ ঘন্টা আগে

Spread the love

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের রাজনীতি এমনভাবে গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম ঘুষ ও তদবির ছাড়া নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারে।

সোমবার বিকেল ৪টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আয়োজিত এক পথসভায় বক্তব্যে তিনি বলেন, “আজকের স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করতে হবে। তারা যখন চাকরিতে যাবে, তখন যেন ঘুষ দিতে না হয়, কারও পেছনে দৌড়াতে না হয়।”
তিনি অভিযোগ করেন, বর্তমান ব্যবস্থায় তরুণদের সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। মেধা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সরকারকে এমন ব্যবস্থা করতে হবে যাতে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়। দেশে সুযোগ না থাকলে বিদেশেও কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে।”
বিদেশমুখী প্রবণতা কমিয়ে দেশে সুযোগ সৃষ্টির ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে তরুণদের স্বপ্ন হবে দেশেই কিছু করা, বিদেশে পাড়ি জমানো নয়।”
শিক্ষার্থীদের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, “স্কুল-কলেজের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ করবে। তাদের জন্য রাজনীতি না হলে সেই রাজনীতি অর্থহীন।”
পুলিশের উদ্দেশে তিনি বলেন, “পুলিশকে দলীয় হাতিয়ার না হয়ে জনগণের পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। কোনো অন্যায় নির্দেশ বাস্তবায়ন না করে দেশের ভবিষ্যৎ প্রজন্মের পাশে দাঁড়াতে হবে।”
মাদক সমস্যার বিষয়ে তিনি বলেন, “শুধু মাদকসেবী নয়, মাদক ব্যবসায়ীদেরও আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক ছত্রছায়ায় যারা মাদক ব্যবসা চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
নারীদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শুধু ভোটের আগে নয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও নারীদের সক্রিয় ভূমিকা থাকতে হবে।”
তিনি আরও বলেন, “সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। প্রতিটি নারীকে শিক্ষিত ও কর্মসংস্থানের আওতায় আনতে হবে।”
এসময় তিনি তরুণদের রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “চাঁদাবাজি বা টেন্ডারের রাজনীতি নয়, পরিবর্তনের রাজনীতি গড়তে হবে।”
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া