ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদক নিয়ন্ত্রণের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন স্থানীয় এমপি হাজী জসিম উদ্দিন জসিম। নির্বাচিত হওয়ার পর তিনি নিজে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন। এছাড়া তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মাদক মুক্ত বুড়িচং-ব্রাহ্মণপাড়া গড়তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য। এদিকে স্থানীয় এমপি হাজী জসিম উদ্দিন বিভিন্ন সময়ে লাইভে এসে অভিযান পরিচালনা করায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দিয়েছে। কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া এলাকার মাদক ব্যবসায়ীদের আতংকের নাম হাজী জসিম উদ্দিন এমপি। স্থানীয় এমপি’র নেতৃত্বে গভীর রাতে বিভিন্ন মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করায় এবং আসামী আটক করার ফলে এই এলাকায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা কমতে শুরু করেছে। দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠা মাদক ব্যবসায়ীর সিন্ডিকেট কিছুটা দমন হয়েছে। তাছাড়া তিনি মাদক নির্মূলের জন্য বুড়িচং ব্রাহ্মণপাড়া দুই উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে পায়ে হেটে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সভা সমাবেশে মাদক ব্যবহার বন্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। তিনি দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকে নিজ নিজ এলাকায় মাইকিং করে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য এবং বিভিন্ন গ্রাম মহল্লার মানুষকে সর্তক থাকার আহবান জানান। এমপি’র নির্দেশনা পেয়ে দুই উপজেলার বিভিন্ন গ্রামে এবং ইউনিয়নে দলীয় দায়িত্বশীলরা মাইকিং করে সতর্কতা করেছে এবং মাঠে নেমে পুলিশ বাহিনীর সাথে কাজ করছে। এমপি সাহেবের মাদকের জিরো টলারেন্স বাস্তবায়নের জন্য শশীদল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুব এবং সদস্য সচিব সৌরভ সাগর ইউনুসের সাহসী অভিযানে রামচন্দ্রপুর বাল্লাগ এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। অপর দিকে বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের যুবদল নেতা রাশেদ পুলিশের সহযোগীতায় মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মাদক নির্মূলের জন্য সর্বস্তরের নেতা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। একই সাথে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান এবং ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন মাদক নির্মূলের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করছে বলে থানা সূত্রে জানা যায়।