কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বুধবার (২০ মে) রাত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি জানায়, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি’র দিকনির্দেশনা ও পরিকল্পনায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ভারতীয় অবৈধ নেশাজাতীয় ১ লাখ ২৩ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।