কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কলেজটির শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। সোমবার (২১ এপ্রিল) বেলা ৩টায় কলেজের প্রধান ফটকের সামনে কুমিল্লা-মিরপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, কলেজটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছেন স্থানীয় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিআরডি’র বর্তমান চেয়ারম্যান মোঃ আকতার হোসেন। তারা অভিযোগ করেন, আকতার হোসেন একজন পরিচিত মামলাবাজ ও ভূমিদস্যু, যিনি অতিতে ভুয়া মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেছেন।
শিক্ষার্থীরা বলেন, কলেজের সুনাম ক্ষুণ্ণ করতে তিনি বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়ে অপচেষ্টা চালাচ্ছেন, যা সরাসরি শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার সামিল। সমাবেশে শিক্ষার্থীরা আকতার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও গ্রেপ্তারের দাবি জানান।
কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন বলেন, “আমাদের কলেজ নিয়মতান্ত্রিকভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। আকতার হোসেন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে কলেজের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। যদি তার কোনো সত্যিকারের অভিযোগ থাকে, তবে তিনি আইনগত পথে হাঁটতে পারেন। কিন্তু সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে একজন শিক্ষিত সমাজকে হেয় করার চেষ্টা আমরা মেনে নেব না।”
তিনি আরও বলেন, “কুমিল্লা শিক্ষাবোর্ডের অন্যতম সেরা এই বিদ্যাপীঠের সম্মান রক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ। আজকের মানববন্ধন থেকে আমরা জোরালোভাবে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্কতা জারি করছি।”
মানববন্ধনে কলেজের শিক্ষক, কর্মচারী ও স্থানীয় সচেতন নাগরিকরাও একাত্মতা প্রকাশ করেন।