কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আমন-২০২৪ মৌসুমে আবাদ হওয়া বিআর-২২ ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুরে এ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়। উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী আশাবাড়ি মাঠে মো. সুমন মিয়ার জমিতে রোপণ করা পাকা ধান কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা। এ সময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুল আমিন, স্থানীয় বøকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, মোজ্জামেল হক বাছির, কৃষক সুমন মিয়া, মফিজুল ইসলাম, বাবুল মিয়া, আলী আশরাফ, রফিকুল ইসলাম, মানিক মোল্লাসহ স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন। ধানচাষি সুমন মিয়া বলেন, বন্যার কারণে সময় মতো আমন আবদ মৌসুমে ধান চাষ করতে পারিনি। বন্যার পানিতে বীজতলা ও আবাদ করা আমনের চারা নষ্ট হয়ে গেছে। বন্যার পানি নেমে যাওয়ার পর বিআর-২২ জাতের ধানের চারা রোপন করেছি। এ জাতের ধানে আশা করছি ভালো ফলন হয়েছে। কাটা ধান মাড়াই শেষে হেক্টর প্রতি এ ধান সাড়ে পাঁচ টন ফলন পেয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ভয়াবহ বন্যার পানিতে এখানকার আমন ধানের বীজতলা ও জমিতে আবাদ করা চারা নষ্ট হয়ে যায়। বন্যার পানি নেমে যাওয়ার পর এখানকার কৃষকরা আবার নতুন করে আমনের চারা রোপন করেন। এসব ধান এখন সংগ্রহ করে ঘরে তোলা হচ্ছে। কৃষকদের চাষ করা বিআর-২২ ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। কৃষক আশানুরূপ ফলন পেয়েছে।