বিজিবির অভিযানে ৭০ লাখ ২২ হাজার টাকার মাদকসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্দ, চার মাদক কারবারি আটক

লেখক: মোঃ আনোয়ার হোসেন
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৭০ লাখ ২২ হাজার ৫০০ টাকার বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাইপথে আসা বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি’র আওতাধীন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ও সালদানদী, বুড়িচংয়ের শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার, কসবা, চন্ডিদার ও মাদলা বিওপি বিজিবি সদস্য গত ২৯ ডিসেম্বর থেকে গতকাল ২ জানুয়ারি পর্যন্ত পৃথকভাবে মাদক ও চোরাচালান বিরোধী এ অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া গ্রামের বাসিন্দা ডা. মো. রফিকুল ইসলামের ছেলে মোঃ ইকরাম হোসেন (১৯), মো. বশির মিয়ার ছেলে মোঃ ছাব্বির মিয়া (১৯), মো. বিল্লাল হোসেনের ছেলে মো. সাকিল খান (২৪) ও মন্দবাগ গ্রামের বাসিন্দা মো. শাহ আলমের ছেলে মো. সুমন মিয়া (২২) নামে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে কসমেটিক্স সামগ্রী ৮৭ পিস, গরু ০৬ টি, চকলেট ১৮৬০ পিস, মোটরসাইকেল ০১টি, অটোরিক্সা ০১টি, বডি লোশন ৫১৬ পিস, বাসমতি চাউল ৪০৫ কেজি, চিনি ১৫২০৫ কেজি, চুলের জেল ১২৪৩ পিস, চুলের তেল ২৩২ পিস, নেহা মেহেদী ৪৩২০ পিস, ফুচকা ৮৫ প্যাকেট, বাঁজি ২২,২৭২ পিস, বাংলাদেশী রসুন ২৩৪ কেজি, রেড বুল কমল পানীয় ৮৬ পিস, বিয়ার ৮০ বোতল, মাথার চুল ১৮ কেজি, গাঁজা ৮৩.৫ কেজি, ইস্কাফ সিরাপ ২৬ বোতল, ফেন্সিডিল ৪৬ বোতল, হুইস্কি ২১৬ বোতল এবং ইয়াবা ট্যাবলেট ১২০০ পিস জব্দ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন ৬০বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি, এসি) বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া