কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়ধুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষপানে আত্মহত্যার চেষ্টা করা অপু ওই এলাকার আবুল বাশারের ছেলে এবং বকুল অপুর স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের খুটিনাটি বিষয় নিয়ে শুক্রবার সন্ধ্যায় শ্বাশুড়ির সঙ্গে বকুলের (২৩) বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ক্ষোভে বকুল কীটনাশক পান করে ফেলেন। বিষয়টি জানতে পেরে নিজের মায়ের সঙ্গে অভিমান করে স্বামী অপু (২৫) একইভাবে কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ব্যাপারে অপুর চাচাতো ভাই আবদুল কুদ্দুস বলেন, পারিবারিক বিষয় নিয়ে অপুর মায়ের সঙ্গে অপুর স্ত্রী বকুলের বাগবিতন্ডা হয়। এ নিয়ে বকুল কীটনাশক পান করে ফেলে। এ সময় বকুলকে নিয়ে পরিবারের সবাই ব্যস্ত হয়ে পড়েন। এরই এক ফাঁকে অপু তার মায়ের ওপর অভিমান করে কীটনাশক পান করে ফেলে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তোফায়েল আহমেদ ভূইয়া বলেন, বিষপান করা স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।