কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার ( ২৮ জানুয়ারি ) রাত ১১টার দিকে উপজেলার উত্তর চান্দলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
সেনা সূত্র জানায়, স্থানীয় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার উত্তর চান্দলার পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া সেনা ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টহল দল। অভিযানে মো. মনির (৫৮) নামে এক ব্যক্তিকে ২ কেজি ৫০০ গ্রাম দেশীয় মদসহ আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত দেশীয় মদ আইনি প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।