সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ২ দিন আগে

Spread the love

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পরিচালিত এসব অভিযানে চাল, গরু, শাড়ি, থ্রি-পিস, মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মনিয়ন্দ, মঈনপুর, খাদলা, সালদানদী, শশীদল, খারেরা ও বড়জ্বালা বিওপির টহলদল অংশ নেয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে বাসমতি চাল, গরু, বাজি, পান মসলা, তালা, জর্জেট শাড়ি, ফুসকা, ভ্যাসলিন তেল, থ্রি-পিস, মদ, গাঁজা, বিয়ার ও ইজিবাইক। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।