সাদকপুর বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর উদারগাজী বাড়িতে গণ কবরের উপর নির্মিত শহীদের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করেছেন বুড়িচং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পীরযাত্রাপুর ইউনিয়নের জনপ্রতিনিধিরা। গত (১৪ ডিসেম্বর) শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সাদকপুর বধ্যভূমিতে নির্মিত স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাদকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান জীবনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে সাহিদা আক্তার বলেন, আমি মুক্তিযুদ্ধ দেখিনি তবে মুক্তিযোদ্ধাদের কাছে সেই নির্মম কাহিনী শুনে অনুভব করতে পেরেছি। মুক্তিযোদ্ধারা হচ্ছে এদেশের সূর্য সন্তান। ১৯৭১ সালে দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের স্মরণে তৈরি এ বধ্যভূমি গুলো রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এই বধ্যভূমির সুরক্ষা ও সৌন্দর্য বর্ধনের জন্য বুড়িচং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা মৎস কর্মকর্তা ডা. আতিকুর রহমান, বুড়িচং পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. নওশের আহমেদ ভূইয়া, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হক মেম্বার, ইউপি সদস্য সুলতান আহমদ মুন্সি, ইউপি সদস্য ডা. নজরুল ইসলাম, ইউপি সদস্য মো. শেফাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ভূইয়া, হাজী আবু হানিফ, সাব্বির আহমেদ, গোলাম মোস্তফা সহ উদারগাজী বাড়ির সকলে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদদের মাগফিরাতের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. নেয়ামত উল্লাহ।

  • বুড়িচং