শশীদল আবু তাহের কলেজে বৈশাখী উৎসবে আনন্দমুখর পহেলা বৈশাখ

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) কলেজ ক্যাম্পাস জুড়ে দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনে মুখর হয়ে ওঠে পহেলা বৈশাখের আনন্দ। উৎসবের অংশ হিসেবে কলেজে আয়োজন করা হয় বৈশাখী মেলা, পিঠা উৎসব এবং শিক্ষার্থী ও শিক্ষক মিলিয়ে পরিবেশন করেন সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। পহেলা বৈশাখের সকালে কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়, যা কুমিল্লা-বাগড়া সড়ক হয়ে শশীদল স্টেশন বাজারসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে ফিরে আসে। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে শিক্ষক ও শিক্ষার্থীরা। উৎসবের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন। তিনি বলেন, “বাঙালি সংস্কৃতির অন্যতম প্রাণের উৎসব হলো পহেলা বৈশাখ। শিক্ষার্থীদের মাঝে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা গড়ে তুলতেই আমরা প্রতিবছর এ আয়োজন করে থাকি। এই উৎসব শিক্ষার্থীদের মননে ইতিবাচক প্রভাব ফেলে এবং তাদেরকে আনন্দময় পরিবেশে নতুন বছর শুরু করার প্রেরণা দেয়।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো. জামাল হোসেন, মোহাম্মদ শরীফ খান, মোহাম্মদ হাবিবুর রহমান, মো. খলিলুর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক শাবীবা শারমিন রেজা, মো. ওবায়দুল হক, যীশু কুমার দে, ননী গোপাল সূত্রধর, প্রভাষক কানন চক্রবর্তী, বশির আহাম্মদ পাটওয়ারী, মো. মিজানুর রহমান, মো. আনোয়ারুল আজিম, মাহিদুল আলম, মো. বেলাল হোসেন, মৌসুমী বিশ্বাস, জামাল হোসেন, রাবেয়া আক্তার ও চন্দন দেবনাথসহ কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজস্ব স্টলে পিঠা পরিবেশন করেন এবং মেলায় অংশ নেয়া দর্শনার্থীদের মাঝে তা বেশ আগ্রহের সৃষ্টি করে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ, হাস্যরস ও সম্প্রীতির বার্তা। এই আয়োজনে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সবার অংশগ্রহণে শশীদল আবু তাহের কলেজের পহেলা বৈশাখ উদযাপন হয়ে ওঠে এক অবিস্মরণীয় উৎসব।

  • ব্রাহ্মণপাড়া