কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক, দুর্নীতি, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেজুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো. গোলাম কিবরিয়া ভূইয়া। মুখ্য আলোচক ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মেদ লাভলু। সূচনা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. আবদুল কাদের ভূইয়া।
সভায় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন (অব.) জয়দল হোসেন, সমাজসেবক আবদুল খালেক ভূইয়া, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. হারুন অর রশীদ, সাংবাদিক মো. আনোয়ারুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক শিরিনা বেগম, সহকারী শিক্ষক মাহবুবুল আলম ভূইয়া, মো. জামিল আহমেদ, আবুল খায়ের, আলমগীর কবির, রানু আরা বেগম, পারভীন আক্তার, কুহিনূর আক্তার, কামরুন্নাহার, ফ-ই ফাতেমা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, দুর্নীতি ও কিশোর গ্যাং সংস্কৃতি নির্মূল করা এখন সময়ের দাবি। এগুলো কেবল একটি পরিবারের ক্ষতি করে না, পুরো সমাজকে বিপথগামী করে তোলে।
তারা উল্লেখ করেন, পরিবারকে হতে হবে সন্তানের প্রথম পাঠশালা। অভিভাবকদের সচেতন হতে হবে, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কোন পরিবেশে বেড়ে উঠছে—এসব বিষয়ে খেয়াল রাখা জরুরি।
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের পাঠ আরও জোরদার করার আহ্বান জানান তারা। বক্তাদের মতে, শুধু আইন-শৃঙ্খলা বাহিনী বা সরকারের উদ্যোগেই সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়, বরং সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সবাইকে যুক্ত হতে হবে।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের দিকে ধাবিত করা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো এখন সবচেয়ে জরুরি। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ যদি একসঙ্গে কাজ করে, তবে একটি নিরাপদ, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।