ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন ইউএনও

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর দক্ষিণপাড়া ফকির বাড়িতে অগ্নিকাণ্ডে সাতটি ঘর ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী উপহার দেন। এছাড়া তিনি পরবর্তীতে সরকারিভাবে তাদের সহযোগিতা করার বিষয়ে আশ্বাস প্রদান করেন।
এসময় দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, দুলালপুর এস এম এন্ড কে উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. বদিউজ্জামান জামাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে দুলালপুর ফকির বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে চারটি পরিবারের বসতঘরসহ সাতটি ঘর ও নগদ অর্থ, আসবাবপত্রসহ সকল মালমাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, অগ্নিকাণ্ডে মৃত রশীদ মিয়ার ছেলে মিশন মিয়া (মুশন) ও মামুনুর রশীদের দুটি বসতঘর ও একটি রান্নাঘর এবং মৃত সুলতান মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও ইসমাইল হোসেনের দুটি বসতঘর ও দুটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে তাদের ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া