ব্রাহ্মণপাড়ার চান্দলা কে বি হাইস্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে স্কুল ক্যাম্পাসে সংক্ষিপ্ত র‌্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গন পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়। এতে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করতে সচেতনতা সভা করা হয়। পরে বেলা ১২ টায় জুলাই বিপ্লবের উপর সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল। এসময় সহ প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম ভূইয়া, কলেজ শাখার ইনচার্জ আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক পান্ডব চন্দ্র নাহা, রেহেনা বেগম, জামাল উদ্দিন, নাজমা আক্তার, সংহিতা দাস, নুরুল আলম, মো. শাহ জাহান, তসলিম উদ্দিন, রুবিন সর্দার, পদার্থ বিভাগের প্রভাষক সোলেমান কবির, গণিত বিভাগের প্রভাষক মো. আল আমিন হোসেন, রসায়ন প্রভাষক আইরিন আক্তার ও সাজ্জাদ হোসেন সহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে একটি জারি গান পরিবেশন করে দশম শ্রেণির শিক্ষার্থীরা। উৎসবের দ্বিতীয় দিন আজ রবিবার (২৬ জানুয়ারি) স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীদের অংশগ্রহনে আলাদা দুটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্কুল শাখার বিতর্কের বিষয়- দুর্নীতি জাতীয় উন্নতির অন্তরায় এবং কলেজ শাখার নির্ধারিত বিষয়- তরুণরাই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে। ওইদিন সকল আয়োজন শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

  • ব্রাহ্মণপাড়া