ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ৪ তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৮ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি এবং জনশান্তি বিনষ্টের অভিযোগে চার তরুণকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. রানা (১৯), একই গ্রামের সুলতান আহমদের ছেলে মো. বাছির (২০), ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে জুয়েল (২১) এবং মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত সাফু মিয়ার ছেলে মো. আসাদুল ইসলাম (২২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব তরুণ মাদক সেবন করে এলাকায় মাতলামি, পারিবারিক অশান্তি ও স্থানীয়দের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিলেন বলে অভিযোগ ছিল। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এবং মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
অভিযানকালে আটক চার তরুণের প্রত্যেকের কাছ থেকে দুটি করে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন।
এ ঘটনায় মো. আসাদুল ইসলামকে ১০ দিনের, জুয়েলকে দুই মাসের এবং মো. রানা ও মো. বাছিরকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া