ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল ইউনিয়নের অনন্তপুর এলাকায় অভিযান চালায় থানার একটি দল। এ সময় হরিমঙ্গল থেকে ব্রাহ্মণপাড়াগামী সড়কে গিয়াস উদ্দিনের বাড়ির পাশে পাকা রাস্তার ওপর থেকে ২০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জামাল হোসেন ওরফে কসাই জামাল (৩৬), ইকরামুল হক (২৬) ও মো. কাউসার (৩০)কে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য্য ও এএসআই লিংকন কুমার নাথ। তাঁদের সঙ্গে পুলিশের একটি দল ছিল।
এ ছাড়া জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সুজন পাল (২৩)কে উত্তর চান্দলা এলাকা থেকে গ্রেপ্তার করেন এসআই আল-আমিন ও তাঁর সঙ্গীয় ফোর্স।
জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. মনিরুল ইসলাম (৪৫)কে সিদলাই এলাকা থেকে গ্রেপ্তার করেন এএসআই রতন কুমার মল্লিক ও তাঁর সঙ্গীয় ফোর্স। একই ধরনের পরোয়ানায় দেউষ এলাকা থেকে মোছা. জাহানারা বেগম ওরফে মনোয়ারা বেগম ওরফে মনুকে গ্রেপ্তার করেন এএসআই মো. নাছির উদ্দিন ও তাঁর সঙ্গীয় ফোর্স।
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া