ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিসহ নিয়মিত মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি উপজেলার জিরুইন (ইসমাইল ভূইয়া বাড়ি) এলাকার বাচ্চু ভূইয়ার ছেলে মো. ইয়াছিন (২২) এবং একই এলাকার ফুল মিয়ার ছেলে শরীফুল ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়।

এদিকে, থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ধর্ষণচেষ্টার মামলার পলাতক আসামি উত্তর চান্দলা (হাজী সাদেকের বাড়ি) এলাকার আলমগীরের ছেলে দ্বীন ইসলামকে (২৪) গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিয়মিত মামলার পলাতক দুই আসামি কান্দুঘর (রাজাবাড়ি) এলাকার নবু মিয়ার ছেলে মো. রানা (২৬) এবং জাকির হোসেনের ছেলে মো. তৌকির আহাম্মদকে (২৫) গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। থানার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

  • ব্রাহ্মণপাড়া