কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বসতঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মো. ইমন হোসেন (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা গ্রামের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন ওই এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। চট্টগ্রামে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।
নিহতের বড় বোন আফসানা আক্তার জানান, গত বৃহস্পতিবার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে আসেন ইমন। তার স্ত্রী তখন বাবার বাড়িতে ছিলেন। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে আনুমানিক আড়াইটার দিকে বসতঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।
বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে ফাঁস থেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।