ব্রাহ্মণপাড়ায় গ্যাস সিলিন্ডারে লুকিয়ে গাঁজা পাচারের সময় দুই যুবক গ্রেপ্তার

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্যাস সিলিন্ডারে লুকিয়ে গাঁজা পাচারের সময় মো. ছোটন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরদিন পৃথক অভিযানে আরও এক যুবককে গাঁজাসহ আটক করা হয়। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে দুজনকেই আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের গঙ্গানগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে ছোটন মিয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে পাচারের জন্য প্রস্তুত রাখা গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ছোটন মিয়া ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকার মৃত বুলি মিয়ার ছেলে।
এছাড়া শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পৃথক আরেকটি অভিযানে ব্রাহ্মণপাড়া থেকে মো. জুয়েল (৩০) নামে আরও এক যুবককে ৪ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী (গুচ্ছগ্রাম) এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

  • ব্রাহ্মণপাড়া