ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জালাল উদ্দীন (৪৫) নামের এক বাকপ্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বড়ধুশিয়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দীন উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
নিহতের স্বজনেরা জানান, ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া আদর্শ কলেজের সামনে কুমিল্লা-মিরপুর সড়কে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জালাল উদ্দীন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই জালাল উদ্দীনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।