ব্রাহ্মণপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১৩ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাগর সূত্রধর (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর সূত্রধর দক্ষিণ চান্দলা গ্রামের সূত্রধর বাড়ির সত্য সূত্রধরের ছেলে।

পারিবারিক সূত্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি আমগাছে উঠে আম পাড়ছিল সাগর।

একপর্যায়ে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। পরে স্বজনরা দ্রুত তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এ ঘটনায় দক্ষিণ চান্দলা গ্রামজুড়েও শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়রা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • ব্রাহ্মণপাড়া