কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহ ও মনোমালিন্যের জেরে মোছা. দিলরোবা (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর গ্রামে এ ঘটনা জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে মকিমপুর গ্রামের রজব আলীর ছেলে মো. মিজান (৩৫)-এর সঙ্গে ইসলামী শরীয়ত মোতাবেক মোছা. দিলরোবার বিয়ে হয়। তিনি মিজানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। বিয়ের পর থেকে স্বামীর প্রথম স্ত্রীর বাড়িতে যাতায়াতকে কেন্দ্র করে প্রায়ই তাদের মধ্যে মনোমালিন্য ও কথাকাটাকাটি হতো।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে একই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যদের অগোচরে নিজ বসতঘরের মাঝের কক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন দিলরোবা। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেকে) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।