ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও শ্রমিক জনতার সমাবেশ

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৫ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও শ্রমিক জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “দুনিয়ায় মজদুর এক হও” এবং “মহান মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক” স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার (১ মে) বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচির আয়োজন করে উপজেলা শ্রমিক দল।
আয়োজকেরা জানান, দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার সদর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে শ্রমিক জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. বাকি ও অলি উল্লাহ মৈশান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক জমির হোসেন, নাজমুল হাসান, আহসান পারভেজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরাফ উদ্দিন, জাসাস নেতা আল আমিন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলীসহ বিএনপি, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন জসিম বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, বৈষম্য দূর করা এবং সম্মানজনক কর্মপরিবেশ গড়ে তোলা রাষ্ট্রের দায়িত্ব। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

  • ব্রাহ্মণপাড়া