কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেছেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ শান্তিতে আছে। কেউ এ এলাকার জনশান্তি বিনষ্টের চেষ্টা করবেন না। যদি কেউ আমার নির্বাচনী এলাকার মানুষের শান্তি নষ্টের চেষ্টা করে, তাহলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (২৬ জুন) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রোপা আমনের (উফশী) বীজ, গ্রীষ্মকালীন শাক-সবজির (উফশী ও হাইব্রিড) বীজ, মরিচের বীজ, বিভিন্ন গাছের চারা ও কলম, লেবুর চারা এবং সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় জসিম উদ্দিন জসিম বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষির কোনো বিকল্প নেই। কৃষিকে আরও আধুনিক ও উৎপাদনমুখী করতে সরকার কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। এসব প্রণোদনা যথাযথভাবে কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল মতিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান রিপন ভূঁইয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক মো. কবির ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক, উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতিও বিতরণ করা হয়।