দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে বুড়িচং-ব্রাহ্মণপাড়া বিএনপি’র নতুন কমিটি ঘোষণা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকাটি দীর্ঘদিন ধরে আওয়ামীগের দখলে ছিল। গত বছরের ৫ই আগষ্ট ছাত্র জনতা আন্দোলনের ফলে গণঅভ্যুত্থানের পর আওয়ামীলীগ এর সকল পর্যায়ের নেতা কর্মীরা গা ঢাকা দিয়েছে। পরবর্তীতে নির্বাচনের মাঠ চষে বেড়াতে শুরু করে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডক্টর মোঃ মোবারক হোসেন। এছাড়া রয়েছে প্রধান উপদেষ্টার আইনজীবী ব্যারিষ্টার আবদুল্লাহ আল মামুন, এবি পাটির ব্যারিষ্টার যোবায়েরসহ বিভিন্ন দলে সম্ভাব্য প্রার্থীরা। তাই কুমিল্লা-৫ আসনটি বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে এবং দলের ঐক্য বজায় রাখতে নতুন করে উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। রোববার (২৪ আগস্ট) দুপুরে বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনে বুড়িচং উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয় ও একই দিন সন্ধ্যায় উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়। নবঘোষিত কমিটিতে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন জসিমকে সভাপতি করা হয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব আমির হোসেন হয়েছেন সাধারণ সম্পাদক। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিসুর রহমান রিপন ভূঁইয়া ও শাহজাহান সাজুকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। অপর দিকে বুড়িচং উপজেলা বিএনপির আহবায়ক এটিএম মিজানুর রহমানকে সভাপতি ও সদস্য সচিব হাজী মোঃ কবির হোসেনকে সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহবায়ক হুমায়ুন কবিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এড. সাবেরা আলাউদ্দিন হেনা, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এদিকে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নতুন এই কমিটিকে স্বাগত জানিয়ে প্রত্যাশা ব্যক্ত করেন— আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে কমিটি নিরলসভাবে কাজ করবে এবং আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • বুড়িচং- ব্রাহ্মণপাড়া