দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে চায় জামায়াতে ইসলামী -ড. মোবারক হোসাইন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে ইসলামি শাসন প্রতিষ্ঠা করে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলবে বলে জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এডভোকেট ড. মোবারক হোসাইন। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যেখানে দুর্নীতি, সুদ, ঘুষ, গুম, খুন ও রাহাজানির কোনো স্থান থাকবে না। জনগণ চায় একটি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবো, ইনশাল্লাহ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌরাস্তা মোড়ে ইউনিয়ন জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আইয়ুব খান পাঠান এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম। এছাড়া ইসলামি ব্যাংকের পরিচালক বদিউল আলম, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আব্দুল আলীমসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামি আন্দোলনের লক্ষ্য শুধু রাজনৈতিক ক্ষমতা নয়; বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সমাজে শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করা। সবশেষে নতুন অফিস উদ্বোধন উপলক্ষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম।

  • ব্রাহ্মণপাড়া