‘এ দেশের ১৮ কোটি মানুষ এখন নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে’

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ২ years ago

Spread the love

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মোবারক হোসাইন বলেছেন, এ দেশের ১৮ কোটি মানুষ এখন নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। ৫৩ বছরে অনেককে আমরা দেখার সুযোগ পেয়েছি, কিন্তু দেশের কোনো পরিবর্তন করতে পারেনি। এখন আমরা এমন এক শক্তিকে দেখতে চাই, আগামীদিনে এমন এক দলকে দেখতে চাই, এমন এক আলেমদেরকে দেখতে চাই যারা দেশের অবস্থা দ্রুত পরিবর্তন করতে পারবে।

শনিবার ( ১১ জানুয়ারি ) বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা মাঠে মালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মোবারক হোসাইন বলেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ওলামাদের ও সৎ মানুষের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ। বাংলাদেশে যদি কোনো দল থাকে তার নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। যারা প্রমাণিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর যারা সংসদ সদস্য হয়ে মন্ত্রণালয় পরিচালনা করেছেন, যাদের বিরুদ্ধে কেউ এক পয়সারও দুর্নীতির অভিযোগ তোলার সাহস পায়নি। যারা সংসদে চ্যালেঞ্জ ছুঁড়ে ছিলেন, যে আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ খুঁজে বের করো। কিন্তু আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জ কেউ কোনো জায়গা থেকে গ্রহণ করেনি।

জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বলেন, আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা দেখেছেন গত ১৭ বছর যারা ইসলাম নিয়ে কাজ করেছে, যারা ভালো মানুষ, যারা সৎ মানুষ তাদেরকে বিভিন্ন তকমা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। সত্য কখনো গোপন থাকে না। আল্লাহর দ্বীন আল্লাহ যেভাবেই হোক প্রতিষ্ঠিত করেন। যারা ইসলামকে স্তব্ধ করতে চায় সময়ের ব্যবধানে তারাই স্তব্ধ হয়ে যায়। যারা ইসলামকে বিছিন্ন করতে চায় তারাই সময়ের ব্যবধানে বিছিন্ন হয়ে যায়। যারা ইসলামের শক্তিকে বিভিন্ন তকমা দিয়ে গতিরোধ করতে চেয়েছিল তারাই আজ ইতিহাসের শ্রেষ্ঠ জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে।

কেন্দ্রীয় শিবিরের সাবেক এই সভাপতি বলেন, সাম্প্রতিক বন্যায় ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ের রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের কষ্ট লাঘবে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত ও পুননির্মাণের আমরা চেষ্টা করছি। ইতোমধ্যে কিছু কিছু রাস্তার কাজ শুরু হয়েছে। আমরা সবাই মিলে এ কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে সুশৃঙ্খল রাখতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের পাশে আছে এবং থাকবে।

কর্মী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মালাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. আইয়ুব খান পাঠানের সভাপতিত্বে ও মোহাম্মদ মাসুদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক একে. এম এমদাদুল হক মামুন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল মাওলানা আনিছুর রহমান, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ সানাউল্লাহ রাসেল, মালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুর রশিদ নাঈম।

  • ব্রাহ্মণপাড়া