কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিমের পক্ষে ভোট চেয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে সন্ধ্যায় ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ বাজারে আয়োজিত বিএনপির গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।
গণসংযোগ শেষে আসিফ আকবর বলেন, প্রিয় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষ—আমি আজ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। সাহেবাবাদ ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দেবেন এবং জসিম উদ্দিন জসিম ভাইকে বিজয়ী করবেন।
আমি আবারও আপনাদের এলাকায় আসব এবং সারা দেশজুড়ে ধানের শীষের জন্য ভোট চাইব।
এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিম বলেন, দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর আমার নির্বাচনী এলাকায় এসে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন—এটি আমাদের জন্য অনুপ্রেরণার।
সাধারণ ভোটারদের মাঝে তার উপস্থিতিতে ব্যাপক উৎসাহ ও আনন্দ সৃষ্টি হয়েছে।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আমানত খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. শফিকুল ইসলামসহ যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।