কুমিল্লায় র‌্যাবের অভিযানে এক চোরাকারবারি গ্রেফতার

লেখক: নেকবর হোসেন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন সৈয়দপুর এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ একজন চোরাকারবারি আটক হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুন রাতে সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ কাউসার আহমেদ (২৭) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৬,০২৮ পিস ভারতীয় শাড়ি, ৩০ পিস লেহেঙ্গা এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়, যা চোরাচালান কাজে ব্যবহৃত হচ্ছিল। গ্রেফতারকৃত কাউসার আহমেদ কুমিল্লার বরুড়া উপজেলার বেগাত্তারপুর গ্রামের মৃত ওহিদুর রহমানের ছেলে। র‌্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে শাড়ি ও অন্যান্য পণ্য দেশে এনে কুমিল্লাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করছিল। এ বিষয়ে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, “দেশীয় শিল্প ও বৈধ বাজার ব্যবস্থা রক্ষায় র‌্যাব সব সময় চোরাচালান বিরোধী কার্যক্রমে সক্রিয়। সীমান্তবর্তী অঞ্চলে চোরাচালান প্রতিরোধে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে।” চোরাচালনের ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানায়। চোরাচালান রোধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

  • কুমিল্লা