ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৪ জন গ্রেপ্তার, ২০ কিশোর আটক, ৮ বোতল বিদেশী মদ উদ্ধার

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, মাদক উদ্ধার ও পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে আট বোতল ভারতীয় মদসহ একজন, পরোয়ানাভুক্ত দুজন এবং নারী ও শিশু অপহরণ মামলার এক পলাতক আসামি রয়েছেন। এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২০ কিশোরকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও অপহরণ মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. মুছার নেতৃত্বে পরিচালিত অভিযানে সাজা পরোয়ানাভুক্ত মো. বাবুল মিয়া প্রকাশ বাবু (৫০) গ্রেপ্তার হন। তিনি উপজেলার কান্দুঘর গ্রামের রাজাবাড়ি এলাকার আমান উদ্দিনের বাড়ির বাসিন্দা।
অন্যদিকে, এএসআই রতন কুমার মল্লিকের নেতৃত্বে অভিযানে পরোয়ানাভুক্ত রবিউল (৪২) গ্রেপ্তার হন। তিনি উপজেলার দক্ষিণ চান্দলা গ্রামের নানু মিয়ার ছেলে।
এ ছাড়া এসআই রূপম কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে নারী ও শিশু অপহরণ মামলার পলাতক আসামি মো. জব্বর আলী (৬০) গ্রেপ্তার হন। তিনি উপজেলার নাগাইশ গ্রামের বাসিন্দা।
অপরদিকে সোমবার (১২ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়কে অভিযান চালিয়ে আট বোতল ভারতীয় তৈরি সিগনেচার হুইস্কিসহ মো. সুমন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মোল্লাপাড়া এলাকার মৃত জুলফু মিয়ার ছেলে।
এদিকে, রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ কিশোরকে আটক করে পুলিশ। পরে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া