কুমিল্লার চৌদ্দগ্রামে কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ৮ জন আহত হয়েছে। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি, শুভপুর ইউনিয়নের শুভপুর ও মুন্সিরহাট ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে সোমবার পৃথকভাবে এসব ঘটনা ঘটে। আহতরা হলেন- সলাকান্দি গ্রামের টিটু চন্দ্র দে(৪০), বদরের নেছা (১১০), সামিয়া বেগম(৩৪), রাশিদা বেগম(৩৫), মীম আক্তার (৫৪), নুসরাত জাহান (১৬), শুভপুর গ্রামের উত্তর পাড়ার খাদিজা ইসলাম মীম(৬) ও চাঁনপুর গ্রামের আবদুল্লাহ (৪)। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক হারুনুর রশীদ ও রবিউল হাসান। আহত সলাকান্দি গ্রামের টিটু চন্দ্র দে জানান, সোমবার সকালে নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ একটি কুকুড় ডান পায়ে কামড় দিয়ে চলে যায়। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করি। আহত বদরের নেছার আত্মীয় জয়নাল আবেদীন বলেন, গত তিন দিন তীব্র শীতের কারণে রোদের দেখা মিলেনি। সোমবার রোদ দেখা গেলে বদরের নেছাকে বাড়ির উঠানে বসতে দেখা যায়। হঠাৎ একটি কুকুড় তার পায়ে কামড়ে চলে যায়। বদরের নেছার চিৎকার শুনে আমরা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসা করি। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল হাশেম বলেন, ‘হাসপাতালে আজকে কুকুরের কামড়ানো ৮ জন রোগী এসেছেন। তার মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। হাসপাতাল থেকে আহত সকলকে ভ্যাকসিন ও পর্যাপ্ত ওষুধ প্রদান করা হয়েছে’।