কুমিল্লায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রামে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত আটজন আহত হয়েছে। গতকাল শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগে দায়িত্বপ্রাপ্ত মো. আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলো, চৌদ্দগ্রাম পৌর এলাকার ১৪ মাস বয়সের ইফরান, তানজিনা আক্তার (৫), শাকিল (৫), সারওয়ার (৯), মিনহাজ (১০), আইরিন (৩), সাইফুল ইসলাম (৫৮) ও শামীম (১৯)।

হাসপাতাল সূত্র জানায়, সকাল ১০টার দিকে নাটাপাড় গ্রামে একটি কুকুর এক ব্যক্তির পায়ে কামড় দেয়। এরপর স্থানীয়রা কুকুরটিকে মারতে ধাওয়া করলে কুকুরটি বেপরোয়া হয়ে ওঠে। এরপর একে একে অনেককে কামড় দেন।

পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজী মো. ইউনুছ বলেন, আমার ছেলেকে (ইরফান) বাড়ি সামনে আমার মায়ের কোলে থাকা অবস্থায় কুকুর কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। গত কয়েকদিন ধরে এধরনের ঘটনা প্রায় ঘটছে।

ফাতেমা বেগম নামে এক নারী বলেন, এলাকার কুকুরগুলো হঠাৎ করেই আক্রমণাত্মক হয়ে উঠেছে। শিশুরা বাড়ির বাইরে খেলতে যেতেই ভয় পাচ্ছে।
চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী মো. হোসাইন মামুন বলেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খাবারের অভাবে এমন আক্রমণ করছেন কুকুরে দল।
বেওয়ারিশ কুকুর থেকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে নিতে আসা কুকুরের কামড়ে আহত রোগীদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। হাসপাতালে টিকার সংকট নেই তবে সরবরাহ চাহিদার তুলনায় কম।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহমত উল্লাহ জানান, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

  • কুমিল্লা